গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
ডাকাতের আস্তায় গলায় গামছা ও হাতে কেবল নিয়ে মই বেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করছিল পুলিশ। এসময় ডাকাত সর্দার কেবল অপারেটরের লোক ভেবে নির্ভিঘেœ বাসায় অবস্থান করছিল। একপর্যায়ে কেবল অপারেটরের ছদ্মবেশে বাসায় ঢুকে ডাকাত সর্দারকে গ্রেফতার করতে সক্ষম হয় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গত শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের ১ নম্বর রোডের ৩৯ নম্বর বাসায় এ অভিনব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার ডাকাত সর্দারের নাম সোহেল (২৫)। তিনি ভোলা জেলার দোলারহাট থানার নুরাবাদ গ্রামের আবুল কালামের ছেলে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একই দিন সহযোগী ডাকাত শুক্কুর আলীকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির ১ নং কোয়ার্টারের ১ নং গেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতির লুন্ঠিত নগদ ২০ হাজার ২০০ টাকা ও এক জোড়া কানের স্বর্ণের দুল উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, গত ১৬ ফেব্রæয়ারি সন্ধ্যা সোয়া ৬টায় টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন পরিচালিত রাষ্ট্রায়ত্ব ঢাকা স্টীল ওয়ার্কস লিঃ কারখানার ভেতরে ১০/১২ জনের এক দল ডাকাত প্রবেশ করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে ফ্যাক্টরীর কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের জিম্মি করে ২৭ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন মালামাল ও নগদ ৩০ হাজার ২৫০ টাকা লুটে নেয়।
এ ডাকাতি ঘটনার পরই টঙ্গী পশ্চিম থানা পুলিশ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করলেও মূল হোতা অধরা থেকে যায়। দীর্ঘ দিন তথ্য প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এক পর্যায়ে গত শনিবার কেবল অপারেটরের ছদ্মবেশ ধারণ করে ডাকাতির মূল পরিকল্পনাকারী ডাকাত সর্দার সোহেলকে সহযোগীসহ রাজধানী থেকে গ্রেফতার করা হয়।