রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২৬ মে বৃহস্পতিবার।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলাতেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। প্রথম ধাপে দেশের ৬৪ জেলার গফরগাঁও উপজেলাসহ ১৪০টি উপজেলাতে এই হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে।
প্রথম ধাপের ভোটার হালনাগাদ কার্যক্রমের ধারাবাহিকতায় গত ২০ মে, শুক্রবার গফরগাঁও উপজেলার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ গফরগাঁও উপজেলা নির্বাচন অফিস। এই কার্যক্রম আগামী ৯ জুন, বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির পূরণ করা নিবন্ধন ফরম এর সঙ্গে লাগবে অনলাইন জন্মনিবন্ধন সনদ অথবা এসএসসি বা সমমান পরীক্ষা বা যেকোনো পাবলিক পরীক্ষা পাসের সনদের ফটোকপি। ভোটার হালনাগাদে সময় এক্ষেত্রে ১৬ বছর বয়সীদের তথ্যও নেওয়া হবে। পরবর্তীতে তারা ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।
ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ এ নামের সংজ্ঞায় শিক্ষা সনদসমূহের পাশাপাশি জন্ম ও মৃত নিবন্ধন আইন, ২০০৪-এর অধীন নিবন্ধিত নাম নিবন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাড়ি বাড়ি গিয়ে নিয়োজিত তথ্য সংগ্রহকারী তথ্য নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ, চোখের আইরিশ দিয়ে এবং ছবি তুলে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভোটার নিবন্ধনের কাজে ১৫৫ জন তথ্য সংগ্রহকারীদের সহায়তা করছেন ৩৪ জন সুপারভাইজারগণ। ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমে মৃত ভোটারের নাম কাটা ও আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরিতদের তথ্য সংগৃহীত হচ্ছে।
গফরগাঁও উপজেলা নির্বাচন অফিসার শামসুন নাহার ভূইয়া জানান, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এবং যারা বিগত ভোটার তালিকা হালনাগাদে ভোটার হতে পারেননি তাদের তথ্য সংগ্রহ করা হবে। এ উপজেলার গফরগাঁও পৌরসভা ও ১৫ টি ইউনিয়নে একযোগে এই কাজ চলছে। এ উপজেলার ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার জন।