ভোটের অধিকার লুণ্ঠন ও গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে: কিশোরগঞ্জে তথ্যপ্রতিমন্ত্রী।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম,হোসেনপুর ( কিশোরগঞ্জ)।।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, গণতন্ত্র ধ্বংস ও ভোটের অধিকার লুণ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। তারা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। ইতিপূর্বে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ওই ষড়যন্ত্র মোকাবিলা করে তাদের ফ্যাসিবাদ ভেঙে দিয়েছি। তাদের কোনো ষড়যন্ত্রই আর সফল হতে দেওয়া হবে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন মুক্ত মঞ্চ চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হয়েছে। এই অধিকার ও গণতন্ত্রকে নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে।
আমাদের এই কর্মসূচি নতুন কিছু নয়। আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি স্পষ্ট ভাষায় বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ আছে। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। তারা মনে করছে, দুইটি বাস পুড়িয়ে আর একটি চক্কর দিয়ে জনগণকে ভয় দেখাতে পারবে। তাদের সতর্ক করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জনগণকে নিয়ে যেভাবে তাদের দেশ থেকে তাড়িয়েছে, প্রয়োজনে যারা এখনো আছে, তাদেরও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাদের কোনোভাবেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। বিভিন্ন প্রসঙ্গে টেনে আরো বলেন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বুকের পাটা থাকলে এখন আসেন। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, আইনের আওতায় আসেন। জনগণ এই বিচার করবে। সেই বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এই মুহূর্তেই আপনারা আইনের আওতায় আসবেন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
বুধবার দুপুরে জেলা শহরের রথখলাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়াবাজার ব্রিজ সংলগ্ন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-১ (সদর – হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!