ভালুকায় সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় সাইনবোর্ড টানিয়ে ও খুঁটি পুঁতে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন জমির মালিকানা দাবিদার মো. সেলিম ফকির।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামের মৃত আবুল হাসেম ফকিরের ছেলে মো. সেলিম ফকির ও তার ভাই দান ও পৈতৃক সূত্রে কাশরগড় মৌজার ৫৫ শতাংশ জমির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন।

অভিযোগে বলা হয়, প্রতিবেশী মৃত সুলতানের ছেলে মো. বাবুল মিয়াসহ কয়েকজন গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লোকজন নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। পরে তারা জমিতে সাইনবোর্ড টানিয়ে ও খুঁটি পুঁতে দখলের চেষ্টা করেন। এ সময় জমির মালিকানা দাবিদাররা বাধা দিলে তাদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বিল্লাল হোসেন (৫০), মো. বাবুল মিয়া (৩৫)সহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জমির মালিকানা দাবিদার মো. সেলিম ফকির বলেন, ‘দান ও পৈতৃক সূত্রে আমরা ওই জমির মালিক এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছি। জমিটি কারো কাছে বিক্রি করিনি।’

অভিযোগ অস্বীকার করে মো. বাবুল মিয়া বলেন, ‘আমি কারো জমি দখল করিনি। সেলিম ফকিরদের জমি তাদের দখলেই রয়েছে।’

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!