ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় বাটারফ্লাই কারখানার নতুন ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি কারখানার নতুন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কারখানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে কারখানা কর্তৃপক্ষের আয়োজনে দুপুরের খাবার গ্রহণ করেন জেলা প্রশাসক।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনসহ জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারখানার উৎপাদন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
কারখানার ইনচার্জ মারুফ সাদিক জানান, জেলা প্রশাসক মহোদয়কে কারখানার নতুন ভবনের নির্মাণকাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। পরে তিনি কারখানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এর আগে সকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। বিকেলে জেলা প্রশাসক উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন।