আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত অবস্থায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ধ্বসে আয়েশা আক্তার নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় বাবা সিদ্দিক গুরুতর আহত হন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিরুনীয়া গ্রামের সিদ্দিকুর রহমান ও ফারজানা আক্তার দম্পতি শিশু কন্যা আয়েশা আক্তারকে নিয়ে বেশ কিছুদিন ধরেই পাশের ধীতপুর এলাকায় শিশুটির নানা মন্তাজের বাড়িতে বেড়াতে ছিলেন। রোববার সকালে নানার বাড়িতে একটি মাটির ঘরে বাবা সিদ্দিক তার শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মাটির দেয়াল ধ্বসে বাবা ও শিশুর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় এবং শিশুটির বাবা সিদ্দিক গুরুতর আহত হন। আহত সিদ্দিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন। তিনি বলেন, নিহত শিশুর বাবা সিদ্দিক নিজেও অসুস্থ, তাই স্ত্রী সন্তানকে নিয়ে বেশ কিছুদিন ধরে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিলো।