স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম ।।
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (৩১ আগস্ট) সকালে ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঠাকুরবাড়ির মোড়ে পৌঁছালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও চারজন আহত হন।
এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত চারজনকে গুরুতর অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট টিম ঘটনাস্থলে আসছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।