বাংলাদেশকে একটি কল্যাণমূখী রাষ্ট্রে পরিণত করা হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম,হোসেনপুর ( কিশোরগঞ্জ)।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অন্য কোন দেশের সাথে তুলনা নয়, বরং বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। সে লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে জেলার তিন উপজেলার দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন।পরে তিনি উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন।
তারেক রহমান আরো বলেন, বর্তমানে দেশের জনগণ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন, সেটা অতীতের স্বৈরাচার সরকারের অব্যবস্থাপনার কারণে। তবে বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসনে বিএনপি কাজ করে যাচ্ছে। বিএনপি মানুষের কল্যাণে কাজ করবে। তাই বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসনে আগামী অধিবেশনে ১০ বছরের পরিকল্পনা নিয়ে সেটা জনসমক্ষে প্রকাশ করবে। সে জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। তবে এ সুযোগে কিছু লোক রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। তাদের প্রতিরোধ করতে হবে। তাদের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। বিকেলে কিশোরগঞ্জ স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী বলেন,এ দেশের মালিক জনগণ, কাজেই এ দেশকে সমৃদ্ধ করতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে।
একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বিএনপি যেসব পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে অন্যতম খাল খনন কর্মসূচি। এই খাল খননের কারণে কৃষকেরা পানির সুবিধা পাচ্ছেন, মাছ চাষ করা যাচ্ছে। নারীদের শিক্ষাব্যবস্থায় সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে অনার্স পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করে দেওয়া হবে। মেয়েরা যাতে স্নাতক পর্যন্ত বিনা মূল্যে পড়তে পারেন, পাশাপাশি তাঁদের উপবৃত্তির ব্যবস্থা করা হবে। তা ছাড়া ১ কোটি ২০ লাখ শিশুকে বিনা মূল্যে স্কুলড্রেস ও স্কুলব্যাগ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা প্রসঙ্গে বলেন, বিগত স্বৈরাচার সরকার লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংস করে গেছে। সে দেশ পুনর্গঠনের কাজ করে যাচ্ছে এই সরকার। এ দেশের মালিক জনগণ, কাজেই এ দেশকে সমৃদ্ধ করতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন,মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু), কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলামসহ উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে দুপুরে কটিয়াদীতে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী জেলা শহরের পুরোনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদানসহ বিভিন্ন ব্যক্তির সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি ফটোসেশন সমাপনী শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!