রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় আলোচিত কলেজ ছাত্র রবিন হত্যার বিচার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নিহত রবিনের স্বজনরা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন, মা শান্তা বেগম ও এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজ ছাত্র রবিন হত্যার ঘটনায় গফরগাঁও থানা পুলিশ অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধে মামলা রুজু করলেও রহস্যজনক কারনে আসামি গ্রেফতার হচ্ছে না। এতে নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন ও মা শান্তা বেগম বলেন, আমাদের একটাই ছেলে ছিল। যারা আমার বিনা অপরাধে মেরে ফেলেছে আমরা তাদের দ্রুত গ্রেফতার সহ ফাঁসি দাবি করছি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ নূরুল ইসলাম বলেন, আসামিরা মোবাইল বন্ধ রাখার ফলে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৯ জুন দিবাগত রাত পৌনে ১টার দিকে গফরগাঁও পৌর শহরের পশু হাসপাতাল রোডস্থ বৌ বাজার এলাকায় নিজের জন্মদিন পালন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরার পথে মাজার বাড়ি সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে নৃশংস ভাবে কুপিয়ে আহত করে। পরে রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রবিন মারা যায়।
####