হোসেনপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদেরকে অ্যাসিস্টিভ ডিভাইস প্রদান।

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম,হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদেরকে অ্যাসিস্টিভ ডিভাইস প্রদান করা হয়েছে। এ উপলক্ষে
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা । তিনি নিজেই এসব বিশেষ চাহিদাসম্পন্ন, চিকিৎসাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের হাতে অ্যাসিস্টিভ ডিভাইস,চিকিৎসা সহায়তা সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ওই কর্মসূচির আওতায় উপজেলার চরপুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরাফাতের চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার, তাফসির হাসান ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী স্মৃতিকে একটি করে হিয়ারিং এইড প্রদান করা হয়। পাশাপাশি উপজেলার ধনকুড়া হাজী এ. খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও ইউএনও কাজী নাহিদ ইভার ব্যক্তিগত উদ্যোগে তার হাতে আর্থিক সহায়তাও তুলে দেয়া হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন,বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সরকারের এ ধরনের মহতি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মূলধারার শিক্ষায় অংশগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!