ফুলপুরে জমির-সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. মিরাস উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানার উজান বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে মিরাস উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গত শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে জমির আইল কাটা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মো. ইউসুফ আলী (৭৪) এর সঙ্গে একই গ্রামের মো. মিরাস উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. সবুজ মিয়া (২৫) এর বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে অভিযুক্তরা ইউসুফ আলীর ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারর অভিযান শুরু করে পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানায়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!