ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে উদয় ইসলাম অভি নামে সদ্য অনুষ্ঠেয় এক এসএসসি পরীক্ষার্থীকে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করা হয়েছে। আহত উদয়কে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভালুকা বাজারের পাঁচরাস্তার মোড়ে গত মঙ্গলবার (১৯ মে) রাতে হামলার ওই ঘটনাটি ঘটে। হামলার ঘটনায় আহত পরীক্ষার্থীর বাবা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামের মো. ইসমাইল হোসেন বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন। অভিযোগে রফিকুল ইসলাম (৪০), মাহফুজ (২৫), সাব্বির (২০), কাউসার (২১), মুন্না (২০) ও সিজনের (২০) নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো ২-৩ জনকে আসামী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাংচাপড়া এলাকায় একটি জানাজায় অংশ নিয়ে গত মঙ্গলবার (১৯ মে) ঘটনার রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফিরছিলেন উদয় ইসলাম অভি। পথে ভালুকা বাজারের পাঁচরাস্তার মোড়ে পেয়ে প্রতিপক্ষরা তার উপর হামলা চালায় এবং এলোপাথারীভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ওই ঘটনায় অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।