আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় অবস্থিত এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের অবৈধ ড্রেনেজ লাইন স্থায়ীভাবে বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৯ মে) সকালে ভালুকা উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভরাডোবা ও আশপাশ এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল ও আর.এস. এগ্রোর অবৈধ ড্রেনেজ লাইনের মাধ্যমে শিল্পবর্জ্য নির্গমনের কারণে কৃষিজমি, মাছের ঘের ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ দূষণের কারণে ফসল উৎপাদন কমে গেছে এবং স্থানীয়দের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে।
তারা দাবি জানান, অবৈধ ড্রেনেজ লাইনটি দ্রুত কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে সিলগালা করতে হবে। পাশাপাশি তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষক ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আসন্ন পবিত্র ঈদুল আযহার পূর্বেই এক্সপেরিয়েন্স টেক্সটাইল ও আর.এস. এগ্রো কর্তৃপক্ষকে পরিশোধ করতে হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, নুরুল ইসলাম ফকির, শামছুদ্দিন মন্ডল, ইউপি সদস্য মানিক, মোহাইমিনুল ইসলাম, আবুল বাশার ও মনির তালুকদার প্রমূখ।