রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃতী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী খায়রুল ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
দুই যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী খাইরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকেই বিএসসি (সম্মান) ও এমএসসি (থিসিস) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি একই বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ।
শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্বও সফলভাবে পালন করে আসছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা, জীববিজ্ঞান অনুষদ সাদা দলের সাবেক আহ্বায়ক এবং ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সাবেক মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার ১০০টিরও বেশি দেশি-বিদেশি গবেষণা প্রবন্ধ এবং ৬টি আন্তর্জাতিক বই প্রকাশিত হয়েছে। তাঁর তত্ত্বাবধানে এ পর্যন্ত ৪ জন গবেষক পিএইচডি এবং ৪০-এর অধিক শিক্ষার্থী এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন, যা উচ্চশিক্ষা ও গবেষণায় তাঁর নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর যুগ্ম মহাসচিবের দায়িত্বে রয়েছেন তিনি।
অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী খাইরুল এ অর্জনে তারই জন্মস্থান গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়নের ডিক্রিভূমি গ্রামসহ সর্বত্র আনন্দের বন্যা বইছে।
স্থানীয় উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী ও সুধীসমাজ তাঁকে অভিনন্দন জানিয়ে দোয়া ও শুভকামনা ব্যক্ত করেছেন।
####