আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা পৌরসভার হরি বিলে নৌকা চালানোর সময় পানিতে পড়ে লাবিব খান (১২) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লাবিব খান কলেজপাড়ার শাহিন খানের ছেলে এবং চাপড় বাড়ি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) দুপুরে ভালুকা সরকারী কলেজ পাড়া এলাকায় বাসায় ফেরার পথে বন্ধুদের নিয়ে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরি বিলে নৌকা চালাতে যায় লাবিব। একপর্যায়ে সে পানিতে পড়ে নিখোঁজ হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে লাবিবের মরদেহ উদ্ধার করে। তার বাসা পৌর সদরের ৩ নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম।