ভালুকায় কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ কিশোর, ৩ দিনেও মেলেনি সন্ধান

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে নিরব হোসেন (১৬) নামে এক কিশোর শ্রমিক। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবারে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা। এ ঘটনায় ছেলেকে ফিরে পেতে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা।
থানায় দায়ের করা অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিরব হোসেন ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী ইউনিয়নের বয়রা এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে সে ভালুকা উপজেলার দক্ষিণ জামিরদিয়া এলাকায় দুলাভাই মোহাম্মদুল্লাহর বাসায় থেকে স্থানীয় একটি টেক্সটাইল মিলে কাজ করছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ মে সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় নিরব। কিন্তু নির্ধারিত সময়ে কর্মস্থলে না পৌঁছালে প্রথমে সহকর্মীরা বিষয়টি লক্ষ্য করেন। পরে দুলাভাই মোহাম্মদুল্লাহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
খবর পেয়ে নিরবের বাবা-মাসহ স্বজনরা ভালুকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
নিখোঁজ কিশোরের বাবা মো. সাইফুল ইসলাম বলেন, “ছেলেটা কোনো কিছু না বলেই বের হয়েছিল। এরপর থেকে তার মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও কোনো সন্ধান পাইনি। প্রশাসনের সহযোগিতা চাই।”
পরিবারের দাবি, নিরবের নিখোঁজ হওয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। কিশোরকে উদ্ধারে প্রয়োজনীয় অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!