স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের তারাকান্দায় রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাদ্দাম হোসেন গাবরগাতী গ্রামের হামেদ আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে রাংসা নদীতে মাছ ধরতে যান সাদ্দাম। এসময় আকস্মিক বৃষ্টি শুরু হলে প্রবল বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এই অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।