ময়মনসিংহে অটোরিকশা-লরি মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ নিহত দুই

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ময়মনসিংহের সদর উপজেলার একটি এলাকায় সিএনজি অটোরিকশা-লরির মুখোমুখি সংঘর্ষে প্রভাষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম। তিনি জেলার ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপরজন শিপা আক্তার (৩২)। তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দুইটার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সারোয়ার কাইয়ুম নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শিপা আক্তার নামে এক নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান বলেন, ‘সিএনজি-লরি সংঘর্ষে নারীসহ দুইজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *