স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশ ও জাতির স্বার্থে বৃহত্তর প্রতিবেশী দেশ ভারতের সাথে জরুরি ভিত্তিতে সম্পর্কোন্নয়নের আহ্বান জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ওয়ারীতে অনুষ্ঠিত ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি এক নাজুক অবস্থায় সৃষ্টি করেছে। যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বাধা হয়ে দাঁড়াবে নবনির্বাচিত সরকারের সামনে। এমনি পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারতের সাথে দ্রুত সুসম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি দেশের উন্নয়ন ও অর্থনীতির স্বার্থে আমেরিকা, চীন, রাশিয়া, জাপানসহ সকল উন্নয়ন সহযোগী দেশ সমূহের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে।
দলের ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান, জগদীশ কর্মকার, মোঃ মামুন পারভেজ, রওনক জাহান বহ্নি, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী উম্মে আম্বিয়া, যুগ্ম মহাসচিব শীলা হালদার।
ইফতারপূর্ব দোয়া মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত।
####