বিকাশে বেতন উত্তোলনে ভোগান্তি : ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিকাশে বেতন উত্তোলন সংক্রান্ত জটিলতার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টা ২০ মিনিট থেকে ৩ টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার সিডস্টের বাজার এলাকায় অবস্থিত হামিদ টেক্সটাইল লিমিটেডের প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির শ্রমিকদের মাসিক বেতন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিকাশ থেকে একবারে এক হাজার টাকার বেশি উত্তোলনে সাময়িক সীমা আরোপ করা হয়েছে। ফলে বেতন জমা হলেও পুরো টাকা একসঙ্গে উত্তোলন করতে না পারায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এরই প্রতিবাদে শ্রমিকরা সড়কে নেমে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রায় ২৫ মিনিট পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *