প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, দিগন্তবার্তা ডটকম।।
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সাইফুর রাহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, যথাযথ মর্যাদায় দিবস পালনের লক্ষ্যে প্রত্যেকটা কর্মসূচিতে সুশৃংখল ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, এদিন রাত ১২টা ১ মিনিটে ময়মনসিংহ টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে।
সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন প্রতিনিধিরা। ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও সভায় বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

