গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
মাসকো শিল্প গ্রুপের সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি এর দক্ষিণ বিভাগ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করেছে। গাজীপুর মহানগরেরর টঙ্গীর গার্মেন্টপল্লী খ্যাত স্থানীয় সাতাইশ রোডে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এসব সিসি ক্যামেরার সংযোগ চালু করা হয়। মাসকো গ্রুপের মহা ব্যবস্থাপক নাজমুল হুদা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ। ৫১ নম্বর ওয়ার্ড বিট পুলিশিং এর আয়োজনে উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিএমপি টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জিএমপি দক্ষিণের ডিসি মোহাম্মদ ইলতুৎ মিশ আশাবাদ ব্যক্ত করে বলেন, আইন-শৃংখলা স্বাভাবিক রাখাসহ জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এসব সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সাতাইশ রোডকে ডিজিটাল সার্ভিলেন্স (সিসি ক্যামেরা) এর আওতায় আনতে সহায়তা করায় মাসকো শিল্প গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
#