রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জনপ্রত্যাশা পূরণ, সামাজিক ইনসাফ ও শরিয়াহভিত্তিক সমাজকাঠামো গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় গফরগাঁও পৌরশহরের ইতকানুল উলুম মাদ্রাসা মিলনাতায়নে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মাওলানা জয়নাল আবেদীনকে সভাপতি এবং মুফতি তারেক বিন হাবিবকে সাধারণ সম্পাদক মনোনীত করে গফরগাঁও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি মুহা. ইয়াকুব সাঈদ।
তিনি বলেন, কেবল ব্যবস্থার পরিবর্তন নয়, বরং ইসলামী মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠাই জনগণের প্রকৃত মুক্তির একমাত্র পথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করীম রসূলপুরী ও দপ্তর সম্পাদক মাওলানা আমানুল্লাহ ।
বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করার পর নবনির্বাচিত সভাপতি মাওলানা জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মুফতি তারেক বিন হাবিব তাঁদের বক্তব্যে অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
#####