আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
দুদকের মামলায় ভালুকার সাবেক সাবরেজিস্ট্রার ফজলার রহমানসহ চারজনকে দুই মামলায় ৪ বছরের কারাদন্ড দিয়েছেন ময়মনসিংহের বিশেষ আদালতের জজ ফারজানা ফেরদৌস। ওইসব মামলায় এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীকে বেকসুর খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্ত অন্যান্য আসামীরা হলেন, ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার হাজী আব্দুল আলমের ছেলে খোকা মিয়া, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুস ছালামের ছেলে দলিল লেখক আকরাম হোসেন জুয়েল (সনদ নম্বর ৬০৯৫) ও দলিলের সনাক্তকারী উপজেলার পালগাঁও গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে রুহুল আমিন। দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের বিজ্ঞ কৌশলী (পিপি) অ্যাডভোকেট একেএম আজিজুল হক খান ও আসামীদের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, নজরুল ইসলাম চুন্নু, মোজাম্মেল হক শাকিল ও আব্দুল মোতালেব। মামলার বাদি ছিলেন, ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাসুদুর রহমান।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার পালগাঁও মৌজার এসএ ১২৮৯ নম্বর দাগে বনবিজ্ঞপ্তিত ১২৭ শতাংশ জমি ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্য দেখিয়ে ২২৮৬ নম্বর দলিলমূলে রেজিস্ট্রেশন সম্পাদন করে সরকারী সম্পত্তি আত্মসাত ও আত্মসাতের সহযোগীতা করার কারণে দন্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদি হয়ে গত ২০১৭ সালের ২৯ অক্টোবর ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। গত সোমবার (১ ডিসেম্বর) ওই মামলায় ময়মনসিংহের বিশেষ আদালতের জজ ফারজানা ফেরদৌস উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে চার বছরের সাজা প্রদান করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিজ্ঞ কৌশলী (পিপি) অ্যাডভোকেট একেএম আজিজুল হক খান জানান, আদালতের দেয়া সাজা পর্যাপ্ত নয়। মামলার রায় পর্যালোচনা করে দুদক আপিল করবে।