জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে এসে জড়ো হন। সেখানে ঘণ্টাব্যাপী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমীর কামরুল আহসান এমরুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়াও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমসহ জেলা ও মহানগর জামায়াতের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করা এ দেশের জনগণ আর তা মেনে নেবে না।”
তারা আরও বলেন, স্বাধীনতার ঘোষণার ভিত্তিতে প্রণীত জুলাই জাতীয় সনদের আলোকে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। তা না হলে দেশজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
জামায়াত নেতারা তাদের ঘোষিত পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।