আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
বকেয়া বেতন, নাইট বিল এলাউঞ্জসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের ভালুকায় প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন লাভেলো নামের একটি আইসক্রীম কারখানার শ্রমিকেরা। ওই সময় দাবি আদায়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। গতকাল রোববার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় শ্রমিকরা ওই অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়ে চরম দূর্ভোগে পরেন, দূরপাল্লার যাত্রীরা। পরে, বকেয়া পরিশোধের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার মেহেরাবাড়ি এলাকায় লাভেলো নামের ওই আইসক্রীম কারখানাটির অবস্থান। কারখানাটিতে দুই থেকে আড়াই’শ শ্রমিক কর্মরত। দুই মাসের বকেয়া বেতন, নাইট বিল, এলাউঞ্জসহ অন্যান্য দাবিতে গতকাল রোববার (২৯ ডিসেম্বর) সকালে কাজ ফেলে কারখানার সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে, সকাল নয়টার দিকে তারা কারখানার নিকটবর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন এবং অবস্থান নেন। ওই সময় ন্যায্য দাবি আদায়ে তারা বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। এতে, দুভোর্গে পড়েন মহাসড়কে যাতায়তকারী দূরপাল্লার যাত্রী সাধারণ। খবর পেয়ে উপজেলা প্রশাসন, ভালুকা মডেল থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে কথা বলেন। পরে, ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান।
অবরোধকারী শ্রমিকরা জানান, অক্টোবরের আংশিকসহ তাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে। তাছাড়া, তাদের ১৬ মাসের নাইট বিল, ১৪ মাসের এলাউঞ্জ বকেয়া আছে। দেই দিচ্ছি করেও কর্তৃপক্ষ তাদের পাওনাদি পরিশোধ করছেন না। ফলে, বাসাভাড়া ও হাট-বাজার করতে তাদের চরম সমস্যা হচ্ছে। তাছাড়া, সরকারের ঘোষণা অনুসারে তাদের বেতন বাড়ানো হয় না। নানাবিধ কারণে তারা মহাসড়কে নেমে এসেছেন।
ভরাডোবা হাইওয়ে থানার ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, বকেয়া বেতনসহ অন্যান্য কিছু দাবিতে লাভেলো আইসক্রীম কারখানার দেড় দুই’শ শ্রমিক মহাসড়কে নেমেছিলেন। পরে, কারখানা কর্তৃপক্ষ আগামী ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন এবং মহাসড়ক ছাড়ার পর যানচলাচল স্বাভাবিক হয়।।