মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
টঙ্গি ইজতেমা মাঠে হত্যাকান্ডের প্রতিবাদে ময়মনসিংহে মহাসমাবেশ করেছে বৃহত্তর ময়মনসিংহের আলেম-উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা মোমেনশাহী।
এ সময় টঙ্গি হত্যাকান্ডের ঘটনায় জড়িত সাদপন্থিদের গ্রেপ্তার ও মব জাস্টিস বন্ধের জন্য বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংগঠনের র্শীষ নেতারা।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে এই মহাসামাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাদপন্থিরা ইসলামের কথা বলে সহজ সরলদের বিপথগামী করছে। ইসলাম ও দাওয়াতে তাবলীগ নিয়ে তারা ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে বিবেদ সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চাই। দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষ কোন একক ব্যক্তির অনুসরণ করে না। আমরা কোন ব্যক্তিপন্থি নই। ইসলামের পথে আমরা হকপন্থি হিসাবে কাজ করতে চাই। ধর্ম ও দেশের যেকোন পরিস্থিতিতে সূরায়ে নেজামে আলোচনা করেই আমরা কাজ করছি। আমরা আজকের এই মহাসমাবেশ থেকে মনে করি, ইজতেমা ময়দানে হত্যাকারীরা পার পেয়ে গেলে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরী হবে এবং মব জাস্টিস ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। যার দায় বর্তমান অন্তবর্তী সরকার কোনভাবে এড়াতে পারবে না।
এ সময় মহাসমাবেশ মঞ্চ থেকে ৫ দফা দাবি জানিয়ে ঘোষনাপত্র পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ। দাবিগুলো হল- খুনি সাদপন্থিদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে, দাওয়াত ও তাবলীগের মেহনত সুষ্ঠভাবে পরিচালনার জন্য খুনি সন্ত্রাসীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, ময়মনসিংহ বিভাগ থেকে যেসব সন্ত্রাসী টঙ্গির নৃশংস হত্যাকান্ডে অংশগ্রহন করেছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, কাকরাইল মসজিদ ও টঙ্গি ইজতেমা মাঠে সাদপন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, দেশ অস্থিতিশীলতার সঙ্গে জড়িত সাদপন্থি গডফাদারদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং মব জাস্টিস প্রতিরোধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।
এ সময় ইত্তেফাকুল উলামা আয়োজিত এই মহাসমাবেশে হাজার হাজার আলেম, উলামা ও ধর্মপ্রাণ মানুষ এই দাবিগুলোর সঙ্গে একাত্বতা পোষন করে শ্লোগান দেয়।
এর আগে এদিন সকাল ১০টা থেকে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে শুরু হওয়া এই মহাসমাবেশে দলে দলে মাদরাসার শিক্ষার্থী, আলেম-উলামা ও হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে মহাসমাবেশ মাঠ পূর্ণ হয়ে সামনের সড়কে ছড়িয়ে পড়ে মানুষের ব্যাপক উপস্থিতি।
মহাসমাবেশে মাওলানা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে মুফতি শরীফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, প্রফেসর হাফিজ উদ্দিন, প্রফেসর ডা. মামুন, ক্যাপ্টেন শফিক সালাউদ্দিন বাবু, মুফতি মুহিব্বুল্লাহ, মুফতি মাহাবুল্লাহ, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা মুহাম্মদ প্রমূখ।