রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কৃষকের গোয়াল ঘর থেকে ৩টি অস্ট্রেলিয়ান গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার পাঁচভাগ ইউনিয়নের খুরশিদ মহল গ্রামের কৃষক মোঃ রতন ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে।
পাঁচভাগ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান , চুরির খবর পাওয়ার পর শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করি।
কৃষকের ছেলে সজিব জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সর্বশেষ গরুগুলোর আমিসহ বাবা রতন ঢালী দেখভাল করে শুয়ে পড়ি। শনিবার ভোররাতে গোয়ালঘরের কাছে গিয়ে দেখতে পাই দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি ঘরে ৩টি গরু নেই। বাছুরসহ গোয়ালে ৩টিই গরু ছিল। দীর্ঘদিন ধরে লালনপালন করা গরুগুলো এক রাতেই শেষ হয়ে গেছে।
কৃষক রতন ঢালী জানান, চুরি হওয়া ২টি গাভি ও ১টি বাছুরের বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকার বেশি। আর ৩টি গরু চুরি হওয়ায় তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে পাগলা থানার ওসি মোঃ ফেরদৌস আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
####