স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহ সহ দেশের ১২ সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছিল আগেই। এবার এসব সিটি করপোরেশনের কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এই ১২ সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে।
এর আগে ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন ১২টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
এর আগে স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছিল। তাঁদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।