রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে বড় রেইন-ট্রি গাছ উল্টে গিয়ে ২০১৭ সালে স্থাপিত ৯৭ নং লামকাইন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির শ্রেণী কক্ষ ভেঙে ধসে গেছে । এর ফলে তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দ্রুত গাছটি সরিয়ে শ্রেণী কক্ষগুলো সংস্কার বা নির্মাণ না করা গেলে স্কুলটির শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা। অপরদিকে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করতে স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা।
সরজমিনে গতকাল সোমবার সকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত লামকাইন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায়, ঝড়ের পর ২টি কক্ষে শিক্ষার্থীদের গাদাগাদি করে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ঝড়ে ভেঙ্গে পড়া ঘরগুলো সংস্কার না করায় এখন দু’টি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসানো হচ্ছে। গরমে বেশি শিক্ষার্থীর কারণে লেখাপড়ায় বিঘ্ন হচ্ছে।
প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে স্কুলমাঠের বড় রেইন-ট্রি গাছটি ভেঙে স্কুলভবনের শ্রেণিকক্ষে উপর পড়েছে চার/পাঁচ দিন হলো।
এরপর থেকে অন্য শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের একসঙ্গে পাঠদান করানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। তাই স্কুলভবন থেকে রেইন-ট্রি গাছটি সরিয়ে শ্রেণি কক্ষগুলো দ্রুত মেরামত করা জরুরি। এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। তবে বিদ্যালয়টির শিক্ষার্থীদের পাঠদান যাতে ব্যাহত না হয়, ইউএনও স্যারের সাথে কথা বলে দ্রুতই সেই ব্যবস্থা নেওয়া হবে।