গাজীপুর জেলা সংবাদদাতা।।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৯ মার্চ) দুপুরে পুলিশের বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করেছে গাজীপুর মহানগর বিএনপি। নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর বিভিন্ন এলাকায় নগর বিএনপি নেতারা ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শীর্ষক লিফলেট বিতরণ করেন। এসময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতারা বাধা উপেক্ষা করেই বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এতে অংশগ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুলণ আলম, মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, নগর বিএনপি নেতা ড. সহিদউজ্জামানস, মাহবুবুল আলম শুক্কুর, জিএস সুরুজ আহমেদ, বসির আহমেদ বাচ্চু, সরকার জাভেদ আহমেদ সুমন, ভিপি আসাদুজ্জামান নূর, গাজী সালাহ উদ্দিন প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নিযুক্ত হওয়ায় কাজী সাইয়্যেদুল আলম বাবুলকে সংবর্ধনা দেয়া হয়। অপরদিকে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর উদ্যোগে নগরীর টঙ্গী ৫৩ নম্বর ওয়ার্ড এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, অবৈধ সরকার লুটেপুটে সব শেষ করে এখন সরাসরি জনগণের পকেট হাতিয়ে নিচ্ছে।
এদিকে দলীয় কার্যালয়ে সংবর্ধনা সভায় কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, রমজান মাসেও সরকারের কারসাজিতে নিত্যপণ্যের মূল্য বহুগুণ বাড়ানো হয়েছে। মুসলমানদের ইফতারের প্রধান উপকরণ খেজুরকে এবার বিশেষ টার্গেট করা হয়েছে। তিনি বলেন, ‘ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন রমজানের পর আরো জোরদার করা হবে।
#