রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া সময় ময়মনসিংহগামী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ১ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই রেলস্টেশন এলাকায় থেকে ট্রেনে পাথর নিক্ষেপকারী যুবক মোঃ ফরহাদ হোসেন (১৮)কে গ্রেফতার করা হয়। ওই যুবকের বাড়ি পৌর শহরের ষোলহাসিয়া গ্রামে। তার বাবার নাম ইউসুফ হোসেন।
রেলওয়ে নিরাপত্তাকর্মীরা জানান, ঢাকা থেকে আসা ময়মনসিংহগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেনটি রাত ১টা ২০মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় রেলস্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন (আকিজ বেকারসের পেছনে) ট্রেনের নিরাপত্তকর্মী এবং যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে ফরহাদ হোসেন।
এসময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
এতে ট্রেনের কয়েকটি দরজা এবং জানালা ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি তাৎক্ষনিক রেললাইন পাহারায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের নজরে আসে। এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
আটককৃত যুবকের সাথে রেল লাইন পাহারায় দায়িত্বরত আনসার কমান্ডার মোস্তফার ধস্তাধস্তির এক পর্যায়ে তার ধাক্কায় আনসার কমান্ডার মোস্তফা মাটিতে পড়ে দুই হাটুতে আঘাতপ্রাপ্ত হয়।
গতকাল মঙ্গলবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় যুবকের বিরুদ্ধে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা হয়েছে। ##