রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, নৌকা সমর্থকে বাড়িতে মধ্যরাতে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে গৃহকর্তার ৫ কক্ষের হাফ বিল্ডিং বাড়ির ৪টি কক্ষের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
গত বৃহষ্পতিবার মধ্যরাতে উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়।
এ ব্যাপারে দত্তেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গৃহকর্তা জালাল উদ্দিন মেম্বার গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে পাগলা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
পাগলা থানার লিখিত অভিযোগে জানা যায়, গত বৃহষ্পতিবার দিবাগত রাতে ইউনিয়নের বিরই গ্রামের জালাল উদ্দিন মেম্বারের বাড়ির টিনের চালে আগুন দিলে বাঁশের সিলিং ও কাঠ পুড়ে বিছানায় পড়লে আগুনের উত্তাপে পরিবারের সদস্যরা টের পায়। ঘুম থেকে উঠে চিৎকার চেচামেচি করে আগুন থেকে বাঁচার জন্য সাহায্য চাইলে স্বজন ও প্রতিবেশিরা ছুটে আসেন। এসময় সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গৃহকর্তা দত্তেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মেম্বার অভিযোগ করে বলেন, নির্বাচনে তিনি নৌকা মার্কার সর্মথক। তাকে পুড়িয়ে মারার জন্য তার বসতঘরে টিনের চালে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। তিনি এ ঘটনার পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে। তবে কিছু একটা ধাহ্য পদার্থের সাহায্যে আগুনের সূত্রপাত হয়েছে।
পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার বলেন, আগুনের ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে জালাল উদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
তিনি আরো বলেন, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবে।