রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ডুব খেলা খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রিয়াদ (৭) ও হাসান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের চাচাতো ভাই।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার ১১নং লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের নিহতদের বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ ওই বাড়ির মালয়েশিয়া প্রবাসী আল আমিনের ছেলে, স্থানীয় কাজা কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র এবং হাসান মালয়েশিয়া প্রবাসী ইয়াজুল হকের পুত্র, লংগাইর আর্দশ কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় রিয়াদ ও হাসান স্কুলে যায়। দুপুরে স্কুল থেকে ফিরে সকালে নাস্তা না খেয়ে রিয়াদ ও হাসান একসঙ্গে খেলতে বেরিয়েছিল। পরে তারা সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুব ডুব খেলা খেলতে খেলতে মধ্য পুকুরে ডুবে যায়। এসময় অন্য এক শিশু তাদের দুজনের ডুবে যাওয়ার দৃশ্য দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে তাদের দাদা আবু সাঈদসহ স্বজনরা দৌড়ে এসে পুকুরের পানিতে নেমে শিশুদের খুঁজতে থাকে। এক পর্যায়ে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় স্বজনদের চিৎকারে আকাশ যেন ভারী হয়ে উঠেছে। নিষ্পাপ দুই শিশুর লাশ দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার লোকজনও চোখের পানি ধরে রাখতে পারেনি। দুপুর ২ টায় দিকে ওই দুই শিশুর মৃতদেহ বাড়িতে নিয়ে গেলে এবং এই
মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের মাতম চলছে।
লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনার কোনো সান্ত্বনা হয় না।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ জানান, পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। এঘটনায় পাগলা থানায় একটি ইউডি মামলায় প্রস্তুতি চলছে।
এদিকে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।