রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয় ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামালের জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের র্ফিল্ড সুপারভাইজার ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, পাট কর্মকর্তা মোঃ ফজলুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৪৯ সালের আজকের এই দিনে শেখ কামাল তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার গুলিতে ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি।