রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলসারের ব্যথা সইতে না পেরে মাইমুনা আক্তার রূপা (২২) নামে এক গৃহবধূ নিজ বসতঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
গত বুধবার সন্ধ্যায় দিকে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা রাতে স্বজনরা খোঁজ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। রূপা ওই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।
জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের মোঃ শহীদুল্লার ছেলে আমিনুল ইসলামের সাথে চরআলগী ইউনিয়নের চর কামারিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার রূপার গত ৩ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা সুখেই ছিলো। বিয়ের কিছু দিনের মধ্যে রূপার আলসার দেখা দেয়। চিকিৎসা চলছিল কিন্তু ব্যথার তীব্রতা কারণে বার বার ডাক্তারের কাছে আসা যাওয়া নিয়ে হীনমন্যতায় ভুগছিলেন রূপা। এ আলসার ব্যথা সইতে না পেয়ে রূপা আত্মহত্যার পথ বেছে নেন।
রাওনা ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহত রূপার ২ বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। আলসার ব্যাথা সইতে না পেয়ে তিনি আত্মহত্যা করেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।