রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সড়কে উপজেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি শফিকুল কাদিরের (আমাদের সময়) সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ (আমার সংবাদ), প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার (খবর), ফকির এ মতিন (ভোরের কাগজ), সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন বিপ্লব (সমকাল), রফিকুল ইসলাম খান (নয়া দিগন্ত), আতাউর রহমান মিন্টু (ইত্তেফাক), তফাজ্জল হোসেন (কালবেলা), আফাজ উদ্দিন (গণমুক্তি), কামরুজ্জামান লিটন (দিনকাল), মোফাজ্জল আনসারী (সংগ্রাম), নজরুল ইসলাম (কালেরকন্ঠ), রোকন উদ্দিন সবুর (সময়ের আলো), মাজহারুল আলম মিথুন (দেশ রুপান্তর), সারোয়ার ফরাজি (আজকালের খবর), আশরাফ আলী ফারুকী (অগ্রযাত্রা)সহ প্রেসক্লাবের সদস্যগণ ও উপজেলার কর্মরত সাংবাদিব বৃন্দ।
এ প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, ‘সাংবাদিককে অন্যায়ভাবে নির্যাতন, মামলা-হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এটা দেশের সার্বভৌমত্বের ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। কথায় কথায় সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হত্যা এটা চলতে পারেনা। সরকারকে সাংবাদিকদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।’
এ বর্বরচিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং সুস্থধারার সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য,গত বুধবার রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসাপাতালে পাঠিয়ে দেয়। গত বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।