রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল মালেক এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃআবিদুর রহমান।
সভায় গফরগাঁও উপজেলায় প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রায় ৯০ টি কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো : আবিদুর রহমান বলেন, শিক্ষা নিয়ে যাতে বাণিজ্য বন্ধ করতে উপজেলার সকল বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সরকার কর্তৃক প্রদত্ত নীতিমালার আলোকে নিবন্ধন নিয়ে পরিচালনা করতে হবে। শিক্ষা যাতে মানসম্মত এবং মূলধারার বাহিরে না হয় এলক্ষ্যে দ্রুত সংশ্লিষ্ট ক্লাস্টার শিক্ষা অফিসারগণকে বেসরকারি স্কুল এবং কিন্ডারগার্টেন পরিদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল মালেক বলেন, যত্রতত্র কিন্ডারগার্টেন গড়ে তোলা বন্ধে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী আমরা কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে প্রতিটি কিন্ডারগার্টেন পরিদর্শন করে উপযুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।