গফরগাঁওয়ে কলেজ ছাত্রীকে ক্ষুর দিয়ে জখমের ঘটনায় ২ বখাটে গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ শিক্ষার্থীর মুখ ও গালে ক্ষুর দিয়ে গুরুতর জখম করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ বখাটেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনার মূল অভিযুক্ত উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের হুমায়ুন কবিরের বখাটে ছেলে জাহিদ (১৯) পলাতক রয়েছে। গতকাল রোববার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন, গফরগাঁও ইউনিয়নের উথুরী (শিববাড়ী) গ্রামের মজিবর রহমানের ছেলে রাকিব (২২) ও শফিকুল ইসলামের ছেলে অটোরিকশা চালক শরিফুল (১৯)।
উল্লেখ্য, গত শনিবার সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের রিক্সাচালক মোঃ রোকন উদ্দিনের মেয়ে স্থানীয় মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাত আরা (১৭) কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে অটো রিকশা দিয়ে রওনা করে। পৌর শহরের শিলাসী গ্রামে সাহেবের পুকুরপাড় এলাকায় নির্জন স্থানে আসার পর বখাটে জাহিদ ও তার সহযোগী রাকিব, শরিফুল জোর পূর্বক অটোরিকশা থেকে নামিয়ে প্রেমের প্রস্তাব দেয়। জান্নাত আরা অস্বীকৃতি জানালে বখাটে জাহিদ ক্ষুর দিয়ে শিক্ষার্থী জান্নাত আরার মুখে ও গালে একাধিক আঘাত করে। এতে কলেজ শিক্ষার্থীর গালে, চোখের নিচ ও কপালে ৩টি গভীর ক্ষত হয়। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাইমা আফরিন বলেন, মেয়েটির মুখে ও গালে গভীর ক্ষত দেখে তাঁকে সাময়িক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার ওই রাতেই অভিযুক্ত বখাটে জাহিদ ও তার সহযোগী রাকিব, শান্ত ও অটোরিকশা চালক শরিফুলকে আসামী করে কলেজ শিক্ষার্থীর মা তছলিমা খাতুন বাদি হয়ে একটি মামলা দায়ের করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পর থেকে মূল অভিযুক্ত বখাটে জাহিদ পলাতক রয়েছে। তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। জাহিদকেও গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *