রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ শিক্ষার্থীর গালে ক্ষুর দিয়ে টান দিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উথুরী গ্রামের হুমায়ুন কবিরের বখাটে ছেলে জাহিদের (১৯) বিরুদ্ধে। আজ শনিবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের কাওয়ামারা বন্দের নির্জন এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের রিক্সাচালক রোকন উদ্দিনের মেয়ে স্থানীয় মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাত আরা (১৭) শনিবার সকালে নিজ বাড়ি থেকে গফরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা করে। ধামাইল গ্রামের কাওয়ামারা বন্দের নির্জন স্থানে আসার পর বখাটে জাহিদ তার পথ আটকে প্রেমের প্রস্তাব দেয়। এসময় জান্নাত আরা অস্বীকৃতি জানালে বখাটে জাহিদ ক্ষুর দিয়ে মুখে এলোপাথারি আঘাত করতে থাকে। এতে কলেজ শিক্ষার্থীর জান্নাত আরা গাল কেটে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
কলেজ শিক্ষার্থী জান্নাত আরা‘র পিতা রোকন উদ্দিন বলেন, প্রায়ই আমার মেয়ের চলার পথে বখাটে জাহিদ উত্যক্ত করতো। সে আমার মেয়ের জীবন বিষিয়ে তুলেছে। একাধিকবার তার পরিবারকে বিষয়টি অবহিত করেছি।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পর থেকে বখাটে পলাতক রয়েছে। তাঁকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।