আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহে ভালুকায় জন্ম নিবন্ধন করতে পাঁচ থেকে ছয়শত টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি (টিএলসিসি) বা নাগরীক কমিটির সভায় এ বিষয়ে ব্যাপক আলোচনা হয়। পৌরসভার হলরুমে মেয়র ডা. একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল তার বক্তব্যে বলেন, জন্ম নিবন্ধন করতে ৫০ টাকা নির্ধারণ করা হলেও এই পৌরসভায় অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তাছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত ড্রেন নির্মাণ করে তা খিরু নদী বা নিকটবর্তী খালে অপসারণ ব্যবস্থা নিশ্চিত করন, আইনশৃঙ্খলা রক্ষায় পৌরসদরে প্রবেশের রাস্তাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, চলন্ত গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাবউদ্দিন খানও জানান, জন্ম নিবন্ধনে পাঁচ থেকে ছয়’শ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। তবে মেয়র তার পৌরসভায় জন্মনিবন্ধনের নামে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন। 
সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, পৌর আ’লীগের সংগঠনিক সম্পাদক জালাল পাঠান, যুবলীগ নেতা তসলিম খান, সাবেক কাউন্সিলর মোখলেছুর রহমান মুকুল, কন্ঠশিল্পি আলী আহসান কবির, শাপলা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শওকত আলী, শিক্ষক লুৎফর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃ›দ্ব।