রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে খুন হল ছোট ভাই প্রবাসী সফির উদ্দিন (৪২)। ঘটনাটি গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের ফামাইল পাড়া এলাকার ঘটে। নিহত প্রবাসী মোঃ ছাবেদ আলীর ছোট ছেলে।
জানা যায়, উপজেলার পাগলা থানাধীন কুরচাই গ্রামের ফামাইল পাড়া এলাকায় মোঃ ছাবেদ আলীর বড় ছেলে আমির উদ্দিন ও ছোট ছেলে সফির উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ছিল। বিরোধপূর্ণ জমিতে শুক্রবার দুপুরে বাঁশ কাটতে গেলে উভয়ে ঝগড়া জড়িয়ে পরে।একপর্যায়ে বড় ভাই আমির উদ্দিন দা দিয়ে ছোট ভাই সফির উদ্দিনের মাথায় কূপ দিলে গুরুতর আহত হয়। এসময়
সফির উদ্দিনের ডাক চিৎকারে স্বজনসহ ও প্রতিবেশিরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিগুয়ারী ইউপি চেয়ারম্যান তাইজুদ্দিন মৃধা বলেন,নিহত ছফির উদ্দিন দুই সন্তানের জনক। সে সৌদি আরব প্রবাসী। গত দুই মাস পূর্বে নিহত ছফির উদ্দিন বাড়িতে আসে। বাঁশ ঝাড়ের বাঁশ কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এঘটনা ঘটে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান এ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই আমির উদ্দিন পালিয়ে যায়।তাঁকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।