আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় প্রভাবশালীদের কাছে দীর্ঘদিন ধরে দখলে থাকা কয়েক কোটি টাকা মূল্যের সাড়ে ১২ একর বনভূমি উদ্ধার করে তাতে বনায়ন করেছে স্থানীয় বনবিভাগ। উপজেলার হবিরবাড়ি, ধামশুর ও আউলাতলী এলাকায় এসব বনভূমি উদ্ধার করা হয়।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি মৌজার ৮২৯ নম্বর দাগে ন্যাশনাল পলিমার নামে একটি কোম্পানী বনবিভাগের জমি দখলে নিয়ে কাঁটাতারের বেড়া ও গেইট নির্মাণ করেন। খবর পেয়ে স্থানীয় বনবিভাগের লোকজন গত ১৬ সেপ্টেম্বর ঘটনাস্থলে গিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দেন এবং এক একর জমি উদ্ধার করেন। অপরদিকে পাড়াগাঁও মৌজার ৩৭ নম্বর দাগে আউলাতলী গ্রামে গড়ে উঠা সিসা ফ্যাক্টরীর দখলে থাকা বনবিভাগের জমির উপর নির্মাণ করা সিমানাপ্রাচীর ও গেইট ভেঙে দেয়া হয়। পরে দেড় একর জমিতে কয়েক’শ আকাশমনি গাছের চারা রোপন করে বনবিভাগ। তাছাড়া উপজেলার ধামশুর মৌজার ৮৪৩ নম্বর দাগে সূর্য্যভিটা নামে এক ফিশারীর নামে দীর্ঘদিন ধরে দখলে থাকা প্রায় ১০ একর বনভূমি উদ্ধার করে বনায়ন করা হয়। পরে এসব বিষয়ে বনআইনে একাধিক মামলা দেয়া হয়।
ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রইচ উদ্দিন জানান, তিনটি দাগে প্রভাবশালীদের কাছে দীর্ঘদিন ধরে দখলে থাকা কয়েক কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করে বনায়ন করা হয়েছে। হবিরবাড়ি মৌজার ৮২৯ নম্বর দাগে ন্যাশনাল পলিমার কোম্পানীর হয়ে স্থানীয় প্রভাবশালী সালাউদ্দিন সরকার বনভূমি দখলে নিয়ে কাঁটাতারের বেড়া ও গেইট নির্মাণ করেন। তাই অভিযুক্ত ওই ব্যক্তি ও কোম্পানীর ম্যানেজারের বিরুদ্ধে বনআইনে মামলা দেয়া হয়েছে। তাছাড়া পাড়াগাঁও মৌজার ৩৭ নম্বর দাগে আউলাতলী গ্রামে গড়ে উঠা সিসা ফ্যাক্টরীর দখলে থাকা বনবিভাগের জমির উপর নির্মাণ করা সিমানাপ্রাচীর ও গেইট ভেঙে দেয়া হয়। পরে অভিযুক্ত আব্দুর রাজ্জাকসহ দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দেয়া হয়।