মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী আলেকজান্ডার ক্যাসেল চত্বরে অবস্হিত সরকারি ল্যাবরেটরী স্কুল কর্তৃক নির্মাণাধীন দেয়াল অপসারণের নির্দেশ ও আলেকজান্ডার ক্যাসেলের সংস্কার কাজে তাৎক্ষণিক ৩ লাখ টাকা বরাদ্দ দিয়ে ন্যায়সংগত গণদাবীর প্রতি সম্মান প্রদান করায় ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক কে জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে জনউদ্যোগের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, জনউদ্যোগ ময়মনসিংহ কমিটি মনে করে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধান অবশ্যই জরুরি। প্রশাসন নিরাপত্তার বিষয়ে যথাযথ ব্যবস্হা গ্রহণ করবে এটিও জনউদ্যোগের দাবী।
জনউদ্যোগ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে যেমন সমর্থন করে, তেমনি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করে। এই বিষয়ে যে সমস্ত ব্যক্তি ও সংগঠন তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমরা আশাকরি, কেবল আলেকজান্ডার ক্যাসেল নয়; ময়মনসিংহের নদ, নদী, খাল, বিল, পুকুর, জলাশয়সহ সকল প্রকার দখল, দূষণের বিরুদ্ধে ময়মনসিংহের নাগরিকগণ ঐক্যবদ্ধ হয়ে প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় সদা সচেষ্ট থাকবেন।