ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় মিছিলে অংগ্রহন করতে গাড়ি যোগে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় দু’টি বাস ভাঙচুর করা হয়। ৩০ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার কাচিনা বাজারে এ ঘটানা ঘটে। আহতদের মাঝে বেশ কয়েকজনকে স্থানীয় ভাবে ও কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভালুকা ও উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী দু’টি বাস যোগে কাচিনা বাজারে মিছিল করতে যান। বিকেল সাড়ে ৫ টার সময় কিছু লোক উত্তেজিত হয়ে দু’টি গাড়ি ভাঙচুরসহ নেতাকর্মীদের এলোপাথারি মারধোর শুরু করে। এ সময় ময়মনসিংহ যুবদলের সহ সাধারণ সম্পাদক আসম আব্দুর রব রুদ্র, কাচিনা ইউপি সদস্য ও যুবদল নেতা ইয়াছিন তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা নাহিত, মিয়াজ, মোফাজ্জল হোসেন, আব্দুল কাদের ও ইউনিয়ন ছাত্রদল নেতা হারুন প্রধানসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মাঝে বেশ কয়েকজনকে স্থানীয় ভাবে ও কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে কাচিনা ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল ও জনসভা শেষ হয়। এ সময় ভালুকা ও হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির কিছু লোক বাসযোগে কাচিনা বাজারে যাওয়া মাত্রই সন্ত্রাসীরা তাদের উপর হামলা ও গাড়ি ভাঙচুর শুরু করে। হামলায় তাদের ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, তিনি এই ব্যাপারে কিছুই শুনেনি।