ধোবাউড়া বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯ টি দোকান

শেয়ার করুন :

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের ধোবাউড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে।

বুধবার (২৪ আগষ্ট) রাত আনুমানিক দেড়টায় বাজারের মাছমহল সংলগ্ন একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়লে এ ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি জুয়েলার্সের দোকান, একটি কাপড়ের  দোকান, তুলার দোকান, সুতার দোকান ও একটি বাসাসহ ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সুতার ব্যবসায়ী আছর উদ্দিন বলেন, ‘আমি গরীব মানুষ, আমার সব শেষ হয়ে গেছে।  আমার দোকানে প্রায় ৬-৭ লক্ষ টাকার মালামাল ছিলো। সব পুড়ে ছাই হয়ে গেছে। ‘

ব্যবসায়ী সোবহান, সুনিল সরকার, শাফিকুল ইসলাম জানান, আমরা কেউ দোকানে ছিলাম না,  খবর পেয়ে এসে দেখি আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে।

ধোবাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, ‘শুরুতে পুলিশসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের বেড়া ও কাঠের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ইতিমধ্যে বুধবার সকালে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করেছেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ উজ্জ্বল।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *