রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অনাবৃষ্টির ফলে উদ্ভূত খরা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে গফরগাঁও উলামা সমিতি উদ্যোগে রোববার (২১ আগস্ট) সকাল ১০টায় পৌরশহরের ঐতিহাসিক ইমামবাড়ি ঈদগাহ ময়দানে হাজারো মুসল্লির উপস্থিতিতে বৃষ্টির জন্য (সালাতুল ইস্তিসকা) দোয়া ও নামাজ আদায় করা হয়। নামাজের পূর্বে গফরগাঁও উলামা সমিতি (গউস) গফরগাঁও থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইমরান হোসাইন আজাদের সঞ্চালনায় দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন- গউস থানা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাহদি হাসান, গউসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি নজরুল ইসলাম ফারুকী, কার্যকরী সদস্য মুফতী আসাদুল্লাহ, গফরগাঁও মার্কাজ মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কালাম প্রমূখ। বক্তাগণ উদ্ভূত পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সকলকে তাওবার আহ্বান জানান। মাওলানা আজিজুর রহমানের ইমামতিতে নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে আল্লাহ তায়ালার দরবারে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এছাড়াও গউসের ইউনিয়ন শাখার উদ্যোগে গফরগাঁও উপজেলাধীন গফরগাঁও ইউনিয়ন ও টাঙ্গাব ইউনিয়নে বৃষ্টির জন্য (সালাতুল ইস্তিসকা) দোয়া ও নামাজ আদায় করা হয়।