আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ৫২ হাজার মুরগির ডিম বুঝাই একটি পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে জসিম উদ্দিনসহ ৫ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এ সময় দুটি ব্যাটারি চালিত অটোরিকশা, ডিম বুঝাই একটি গাড়ি উদ্ধার ও একটি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আতকাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন ওরফে মতি মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩২), একই জেলার ফুলপুর উপজেলার গোদাইরা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. শিমুল (২৫), ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. কামরুল হাসান (১৮), ময়মনসিংহ কোতোয়ালী থানার চরনিলাক্ষীয়া উজানপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. আল-আমিন (৩০) ও কিশোরগঞ্জের লতিবপুর বাজার মোড়ের মিলন মিয়ার ছেলে মো. শামীম মিয়া (৩৯)। এ সময় দু’টি ব্যাটারীচালিত অটোরিক্সা, ডিম বোঝাই পিকআপ ও একটি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হারুন-অর রশিদ নামে এক ব্যক্তির পিকআপের (ঢাকা মেট্রো ন-১৭- ১৭৮৪) চালক হিসেবে গাড়িটি চালিয়ে আসছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সোহেলপুর থানার আবুল হোসেনের ছেলে মো. নবীর হোসেন। তিনি গত (১৯ আগস্ট) সকালে ওই পিকআপটি নিয়ে টাঙ্গাইল জেলার সখিপুর থানা ও ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদী এলাকা থেকে ৫২ হাজার মুরগির ডিম নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এ সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার ওই পিকআপের পেছন দিক থেকে ধাক্কা দেয়। পরে পিকআপটি দ্রæতগতিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মেগার মাঠ সংলগ্ন আব্দুল করিম ভান্ডারীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপরে পৌঁছামাত্রই ওই সাদা রংয়ের প্রাইভেটকারটি ডিম বোঝাই পিকআপের সামনে দিকে ব্যারিগেড দেয়। এ সময় পিকআপ চালক মো. নবীর হোসেন বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা চারজন লোক প্রাইভেটকার থেকে নেমে এসে পিকআপের চালককে গাড়ি থেকে নামিয়ে পিকআপটি নিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীদল।
এ সময় পিকআপ চালকের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসেন এবং বাসস্ট্যান্ডে ডিউটিরত ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম আজাদ, এসআই মুহাম্মদ নূর কাশেম, এস আই নজরুল ইসলাম ও এসআই মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জসিম উদ্দিনসহ পাঁচজনকে আটক করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গত ১৯ আগস্ট একটি ডিম বোঝাই পিকআপ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচজনকে আটক করে রোববার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।