গফরগাঁওয়ে বড় দূর্ঘটনা থেকে যাত্রীদের প্রাণ রক্ষা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেনটি ঢাকা-ময়মনসিংহ রেলপথের লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের ফরচুঙ্গির ব্রীজ নামক স্থানে আজ মঙ্গলবার দুপুরে রেল ভাঙ্গা থাকায় প্রায় ১ ঘন্টা আটকা পরে। অপর দিকে হাওর এক্সপ্রেস ট্রেনও মশাখালী রেল স্টেশনে আটকে পড়ে।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ব্রীজ পারাপারের সময় স্থানীয় লোকজন ব্রীজের উপর ১০ ইঞ্চি পরিমান রেল ভাঙ্গা দেখতে পায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেন আসতে দেখে গোলাবাড়ী গ্রামের আজিজুল ও ফরহাদ স্থানীয়দের সহায়তায় ট্রেন থামানোর জন্য চালককে ইশারা করে। পরে লোকজনের ইশারায় ট্রেন চালক ট্রেন থামিয়ে দেয়।
ট্রেনের সহকারী চালক ইদ্রিস আলী (৪০) জানান, সকাল ৯টা ৩০মি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রেনটি কমলাপুর থেকে যাত্রা শুরু করে। ফুরচুঙ্গি ব্রীজ এলাকায় মানুষের ইশারা দেখে ট্রেন থামাই। এতে একটি বড় দূর্ঘটনা থেকে ট্রেন যাত্রীরা রক্ষা পায়।
মশাখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার আমিনুল ইসলাম বলেন, দুপুর ১২ টার দিকে খবর পাই ফরচুঙ্গির ব্রীজে রেল ভাঙ্গা থাকায় স্থানীয় লোকজন ট্রেন থামিয়ে দেয়। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মশাখালী রেল স্টেশনে হাওড় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। পরে দুপুর ১ টার দিকে ভাঙ্গা রেল মেরামত করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *