ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন(২০) নামের এক বেসরকারী বিদ্যুৎ মিস্ত্রী মারা গেছে। সোমবার (০৬ জুন) বেলা ১২টার দিকে উপজেলার মল্লিকবাড়ি গ্রামে ওই ঘটনাটি ঘটে। তিনি একই গ্রামের হাতেম আলীর ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বেসরকারী বিদ্যুৎ মিস্ত্রী ইসমাইল হোসেন বিদ্যুতের খুঁটি থেকে ছিড়ে যাওয়া একটি সার্ভিস লাইন পুনরায় সংযুক্ত করার জন্যে বিদ্যুতের খুঁটিতে উঠেন। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটি থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আকরাম হোসেন কালের কন্ঠকে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।